কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দ, রাজনৈতিক প্রভাবমুক্ত আবাসন ব্যবস্থা এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে সংগঠনটির সভাপতি মোজাম্মেল হোসাইন আবির ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে আবাসিক হলের জন্য মেধা, দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ডের ভিত্তিতে সুস্পষ্ট, লিখিত ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করে আসন বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার্থী ওঠানোর পূর্ণ কর্তৃত্ব হল প্রশাসনের হাতে রাখা, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির পুনরাবৃত্তি রোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিংমুক্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “বিজয়-২৪ হলে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ছাত্রদলের মাধ্যমে শিক্ষার্থী ওঠানোর প্রতিবাদে আমরা এই স্মারকলিপি জমা দিয়েছি। একই সঙ্গে ২০১৭–১৮ ও ২০১৮–১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী মাস্টার্স শেষ করার পরও হলে অবস্থান করছেন, তাদের বিষয়ে নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি এবং রাজনৈতিক পরিচয়ে হলে ওঠার প্রবণতার অবসান হওয়া উচিত। আবাসিক হলগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পর্যালোচনা করে ছাত্র পরামর্শক ও সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে হল প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রদলের দুই নেতার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা উপাচার্যের কাছে এ স্মারকলিপি জমা দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.