ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে মাহমুদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ রোববার জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্য এক শিশুর সঙ্গে খেলাধুলার সময় আঘাতজনিত কারণে মাহমুদার মৃত্যু হতে পারে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.