স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই পশ্চিমপাড়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী। এ ঘটনার পর অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়া এলাকায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে নাজমিন নাহার প্রেমা (১৮)। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) একই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
তরুণীর অভিযোগ, প্রায় দুই বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে নড়াইলে নোটারি পাবলিকের মাধ্যমে একটি বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। এরপর বিভিন্ন সময়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে অবস্থান করেন। তবে প্রায় দুই মাস পর থেকে ফেরদৌস তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।
এর প্রতিবাদে রোববার সকাল থেকে বিষের বোতল হাতে ফেরদৌসের বাড়ির সামনে অনশনে বসেন প্রেমা। তিনি দাবি করেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত ফেরদৌস আলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.