কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও একাডেমিক শিথিলতার দাবিতে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের কাছে জমা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সংগঠক সৈয়দা নাজিফা নাফিল স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সময়ে একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— মাতৃত্বকালীন শিক্ষার্থীদের জন্য স্থায়ী ও সুস্পষ্ট একাডেমিক সহায়তা নীতিমালা প্রণয়ন, প্রশাসনের সিদ্ধান্ত বিভাগীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা, গর্ভকালীন ও সন্তান জন্মের পর নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিতিতে বিশেষ ছাড় দেওয়া, ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলেও জরিমানা পরিশোধ সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা, মিস হওয়া অ্যাসাইনমেন্ট, সিটি পরীক্ষা ও মিডটার্ম পরে সম্পন্ন করার সুযোগ এবং উপস্থিতির শর্ত শিথিল করে সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদান শেষে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সংগঠক সৈয়দা নাজিফা নাফিল বলেন, একজন নারীর জীবনে মাতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থী অতিরিক্ত জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন, কেউ কেউ আবার শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়েন। তাই মাতৃত্বকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য একটি সুনির্দিষ্ট একাডেমিক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।
তিনি আরও বলেন, যৌক্তিক দাবিগুলো উপাচার্যের কাছে তুলে ধরা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, মাতৃত্বকালীন সময়ে একাডেমিক শিথিলতা প্রয়োজন এমন শিক্ষার্থীদের নাম, বিভাগ, রোল নম্বর এবং সংশ্লিষ্ট কোর্স শিক্ষকদের তথ্যসহ একটি তালিকা জমা দিতে হবে। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.