বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
“সাংবাদিকরা কোনো দলের হতে পারেন না, তাঁরা সমাজের দর্পণ। বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সংবাদ সংগ্রহের মাধ্যমে দেশের নানা প্রান্তের খবর মানুষের কাছে পৌঁছে দেন। তাঁদের লেখনীর মাধ্যমেই সমাজের অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে উঠে আসে।” — এমন মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আবুল হোসেন খান বলেন, “আমি শুধু সংসদ সদস্য নই, আমি আপনাদেরই একজন। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, যুক্তরাষ্ট্রপ্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.