সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।
এর আগে রোববার (২ আগস্ট) প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখ (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় টুকু শেখের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিসিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়। পুলিশের দাবি, এসব সামগ্রী প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় রোববার রাতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে টুকু শেখকে প্রধান আসামি করে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, “চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.