কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় পিকনিকের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন কেন্দুয়া উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সদস্যরা। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির মধ্যস্থতায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিও ওঠে।
অভিযোগে ফারিয়ার নেতারা জানান, গত ১২ জুলাই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি পিকনিকের আমন্ত্রণপত্র বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছে পাঠানো হয়। তাদের দাবি, বিভিন্ন কোম্পানি পিকনিকের জন্য ৫ হাজার টাকা করে অনুদান দিতে আগ্রহ প্রকাশ করলেও তা গ্রহণ করা হয়নি। বরং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে ১৫ থেকে ২০ হাজার টাকা করে দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে ওই কোম্পানির ওষুধ কেন্দুয়া বাজারে বাজারজাত করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ফারিয়ার সদস্যদের দাবি, এ পরিস্থিতিতে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন। তাদের অভিযোগ, পিকনিকের নামে এভাবে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর কাছে অভিযোগ করেন ফারিয়ার সদস্যরা। পরে তিনি বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ও ফারিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ভূঁইয়াকে।
এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট ফারিয়ার সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাবেক ফারিয়া সদস্য তারিকুল ইসলাম কানন এবং ছাত্রদলের সদস্য রাফির উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা অভিযোগের প্রতিবাদ জানিয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান বাঙালি ও সাধারণ সম্পাদক আল আমিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, “পিকনিকের চাঁদা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আলোচনা হয়েছে। বিষয়টি শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে নির্দেশনামূলক বার্তা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.