পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ২৫ নম্বর পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে ওঠে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান পিয়াস।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বৃত্তি অর্জন শুধু একটি পরীক্ষার সাফল্য নয়, এটি ভবিষ্যতের আরও বড় অর্জনের ভিত্তি। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ইউএনও মো. মামুনুর রশিদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.