মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে চার দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব-২০২৬’ শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মেটলাইফ ফাউন্ডেশনের সমন্বয়ে আয়োজিত এ উৎসব স্থানীয়ভাবে বাস্তবায়ন করছে মনিরামপুর উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্লাব চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বই কেবল কাগজের বাঁধাই করা কিছু পাতা নয়, বরং এটি আত্মাকে আলোকিত করার এক অনন্য মাধ্যম। প্রযুক্তিনির্ভর এই সময়ে বই পড়ার অভ্যাস মানুষকে চিন্তাশীল, প্রজ্ঞাবান ও সংবেদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ কান্তি হালদার বাপন। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক বইপ্রেমী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।
মেলা কর্তৃপক্ষ জানায়, আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রকাশনীর সাহিত্য, গল্প, উপন্যাস, শিশুতোষ বইসহ নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা, যা মনিরামপুরে সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.