চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রলীগ নেতা জামশেদ (২২) এবং যুবলীগ নেতা মেহেদী হাসান শিফাত (২৩)। জামশেদ জাহাঙ্গীর আলমের ছেলে এবং শিফাত কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাতে তারা বরমা ইউনিয়নে সাংগঠনিক কাজে গেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, গ্রেপ্তারের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তবে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনিসুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এলাকাবাসীর কাছে শুনেছি তারা ইয়াবা সেবন করেছে। কিন্তু আমি তাদের কাছে ইয়াবা ছিল—এমন বক্তব্য দিয়েছি বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সঠিক নয়।”
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সম্প্রতি চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা মিছিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সঙ্গে গ্রেপ্তার দুইজনের অংশগ্রহণের ছবি ও ভিডিও পুলিশের কাছে রয়েছে। ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.