আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক মানবজমিন-এর উপজেলা সংবাদদাতা ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) বিকেলে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
জানা যায়, একটি ধর্ষণসংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশের তদন্তে নতুন তথ্য পাওয়ায় সাংবাদিক আলমগীর কবির তার ফেসবুক আইডিতে প্রকাশিত প্রতিবেদন সংশোধন করে পুনরায় প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, সংশোধিত প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করে ফেসবুক পোস্টটি মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। পোস্টটি অপসারণ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিক মো. আলমগীর কবির বলেন, “সংবাদে প্রকৃত তথ্য প্রকাশ করায় আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.