ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর (২৭)-এর মৃত্যুর ঘটনায় তৎকালীন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনসহ অভিযানে অংশ নেওয়া ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সুপারিশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
জানা যায়, গত ২০ জুন বিকেলে মধুখালী পৌরসভার নিজ বাড়ির সামনে থেকে ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ও চিনি কলের মৌসুমি শ্রমিক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তরকে আটক করে ডিবি পুলিশ। পরদিন সকালে ডিবি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ডিবি পুলিশের এসআই আহাদুজ্জামান বাদী হয়ে ইশতিয়াকের বিরুদ্ধে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের অভিযোগে একটি মাদক মামলা দায়ের করেন। তবে তদন্তে মামলার এজাহার ও সিসিটিভি ফুটেজে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
তদন্তে উল্লেখ করা হয়, এজাহারে রাত ২টার ঘটনা উল্লেখ থাকলেও সিসিটিভি ফুটেজে দিনের বেলায় ঘটনাটি ঘটতে দেখা যায়। এছাড়া এজাহারে ইশতিয়াকের পরনে প্যান্ট থাকার কথা বলা হলেও ফুটেজে তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায়। ফুটেজে তল্লাশির সময় তার মাথায় আঘাত করার দৃশ্য এবং কিছু দূরে পড়ে থাকা একটি প্যাকেট তুলে নেওয়ার ঘটনাও দেখা যায়।
এদিকে মামলার দুই সাক্ষী তদন্তকারীদের জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ভয়ভীতি দেখিয়ে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল। এছাড়া ইশতিয়াকের পরিবারের অভিযোগ, তাকে মুক্তি দেওয়ার জন্য ডিবি পুলিশের পক্ষ থেকে এক লাখ টাকা দাবি করা হয়েছিল।
অভ্যন্তরীণ তদন্তে এসব অভিযোগের সত্যতা ও বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পাওয়ায় অভিযানে অংশ নেওয়া ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত ১১ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.