দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা (গাদন) খেলা চলাকালে সাবেক ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে খেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, আসরের নামাজের সময় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে বলেছিলেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে হঠাৎ সাবেক ইউপি সদস্য কোরবান আলী খেলা বন্ধ করে দেন। এতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খেলা অসমাপ্ত থাকায় দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। খেলার প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল রাখা হয়েছিল।
খলিসাকুন্ডি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম বিন জামান বলেন, কোরবান আলীকে অতিথি হিসেবে দাওয়াত না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে খেলা বন্ধ করে দিয়েছেন। এ কারণে আয়োজক ও দর্শকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য ও ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কোরবান আলী বলেন, “আসরের নামাজের সময় জোরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। আমি শুধু সেটি বন্ধ করতে বলেছি। আমাকে দাওয়াত না দেওয়ার কারণে খেলা বন্ধ করেছি—এ অভিযোগ সঠিক নয়।”
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয় এবং তিনি নিজেকে বিএনপির একজন কর্মী বলে দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.