ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার লিচু বাগান মালিক আজিজুর হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সী (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে ঢাকা মহানগরের চকবাজার থানা এলাকা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল মুন্সী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুরের লিচু বাগানে পাহারার জন্য নির্মিত টংঘরে নিয়মিত মাদক সেবন করতেন এবং জোরপূর্বক লিচু পেড়ে খেতেন শাকিল মুন্সী ও তার সহযোগীরা। গত ১৩ মে বিকেলে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লা তাদের মাদক সেবন ও লিচু পাড়ায় বাধা দিলে শাকিল ও তার সহযোগীরা তাকে মারধর করেন। পরে এর জেরে বাগান মালিক আজিজুরের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে ১৫ মে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমপির চকবাজার থানা এলাকা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় মামলার এক নম্বর আসামি শাকিল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.