কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল সেবার পরামর্শ গ্রহণ করেন।
জনকল্যাণমূলক এ আয়োজনে সহযোগিতা করে কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতাল। হাসপাতালের পরিচালক মো. মহিন উদ্দিনের সার্বিক সহযোগিতায় পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা শিশু, নারী, প্রবীণসহ বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মো. রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, আল আমিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মনিরুজ্জামান মহাসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মো. মহিন উদ্দিন বলেন, জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.