উত্তম শর্মা,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন অ্যান্ড ক্লিন বীরগঞ্জ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “‘গ্রিন অ্যান্ড ক্লিন বীরগঞ্জ’ শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, এটি একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন। সবাই যদি নিজের ঘর, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলে, তাহলে পুরো বীরগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, শিক্ষার্থীরাই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার সবচেয়ে কার্যকর পরিবর্তনের দূত। তাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর এবং ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. সায়েম।
এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.