শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ এলাকার বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)।
র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন এবং ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.