দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ সময় কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে মোটরসাইকেলে ফিরছিলেন নোমান। চড়াইকোল রেলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.