ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গভীর রাতে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে আসছিল বালুবাহী একটি ট্রাক। ট্রাকটি বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস কেবিনের ভেতরে আটকা পড়েন। একই সময় বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে তুফান দাসকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তিনি মারা যান।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বালুবাহী ট্রাকের কেবিন থেকে চালক তুফান দাসের মরদেহ উদ্ধার করা হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.