দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন ও অত্যাচার চালিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন-অত্যাচার চালিয়েছে, তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপির যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারজানা শারমিন পুতুল বলেন, “গেল পরশুদিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, সে ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।”
দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারি প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবল রুটিন ওয়ার্কের অংশ।
মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.