ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মালদ্বীপপ্রবাসী শেখ ফরিদের (৩২) মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মালদ্বীপের স্থানীয় হাসপাতাল ও মর্গের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে শেখ ফরিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শেখ ফরিদ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের নসা মিয়ার ছেলে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। পরে শুক্রবার রাত ১০টার দিকে তার স্বজনরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন।
শেখ ফরিদের নিকটাত্মীয় ও বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমান শেখ ফরিদ। সেখানে প্রথম দিকে বিভিন্ন প্রতিষ্ঠানে বৈধভাবে কাজ করলেও ভিসা ফি পরিশোধ না হওয়ায় শেষ দিকে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে স্ট্রোক করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সহকর্মীরা তাকে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর প্রায় সাত দিন শেখ ফরিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল। সংশ্লিষ্টরা জানান, মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বৈধ প্রবাসী কর্মরত অবস্থায় মারা গেলে, অসুস্থ বা আহত হলে সংশ্লিষ্ট কোম্পানির ইনস্যুরেন্সের আওতায় চিকিৎসা ও প্রয়োজনে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তবে মৃত্যুর সময় শেখ ফরিদ মালদ্বীপে বৈধভাবে অবস্থান না করায় কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাছ থেকে মরদেহ দেশে পাঠানোর সহযোগিতা পাওয়া যায়নি।
পরে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও শেখ ফরিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শনিবার জানাজা ও দাফন শেষে স্বজনরা শেখ ফরিদের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.