আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় ২০০ মিটার সড়ক চালিতাবুনিয়া খালে ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কার্যাদেশ অনুযায়ী কাজ না করা ও নানা অনিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সড়কের একটি বড় অংশ ধসে খালে পড়ে যায়। শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, কালীবাড়ী ও পাতাকাটা এলাকায় সড়কের অন্তত দুই শত মিটার অংশ ধসে খালের মধ্যে পড়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছও সড়কের ওপর পড়ে রয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, আমতলী-গাজীপুর ১৫ কিলোমিটার আঞ্চলিক সড়কের আমতলী কালীবাড়ী থেকে তালুকদার বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পুনর্নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরে দরপত্র আহ্বান করে বরগুনা এলজিইডি। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটি সাব-কন্ট্রাক্টে নেন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান।
স্থানীয়দের দাবি, কাজ শুরুর পর থেকেই সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছে অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ও বাবুল বলেন, নির্মাণকাজে অনিয়মের কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান সড়ক ধসে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “সড়ক খালে ধসে পড়েছে। আপনারা যা পারেন লিখে দেন। দেখি তাতে কী হয়।”
আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী জামান রাকিব বলেন, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়ম করায় সড়কের বড় অংশ খালে ধসে পড়েছে। অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সড়ক ধসে যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ধসের প্রকৃত কারণ উদঘাটনে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।
বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক ধসে পড়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদারের অনিয়মের অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.