বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও আসমা বেগম (৩২) নামে চার সন্তানের জননীর সন্ধান মেলেনি। গত ৫ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর স্বামী শিপন সরদার বাবুগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
নিখোঁজ আসমা বেগম উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সানিকেদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি শিপন সরদারের (৪০) স্ত্রী ও চার সন্তানের জননী। তাঁর বাবার বাড়ি মুলাদী উপজেলার চর কমিশনার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার বাসিন্দা বাবুল মৃধার জ্যেষ্ঠ কন্যা।
আসমার স্বামী শিপন সরদার জানান, গত ৫ জুলাই প্রতিদিনের মতো সকালে তিনি রাজমিস্ত্রির কাজে বের হন। সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, তাঁর স্ত্রী ঘরে নেই। পরে আশপাশের বিভিন্ন এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শিপনের অভিযোগ, বাড়ি থেকে যাওয়ার সময় আসমা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার বেশি মূল্যের মালামাল সঙ্গে নিয়ে গেছেন।
তিনি আরও জানান, এর আগেও তাঁর স্ত্রী একাধিকবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। নিখোঁজ হওয়ার আগে আসমাকে বিভিন্ন অপরিচিত ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলতে দেখেছেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি জানতে চাইলে আসমা তা অস্বীকার করতেন বলে জানান শিপন।
শিপনের ধারণা, তাঁর স্ত্রীকে বাবার বাড়ির পরিবারের কেউ প্ররোচিত করে থাকতে পারেন। তবে এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্ত্রী নিখোঁজ হওয়ার পর চার সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে শিপন সরদারের। তিনি বলেন, “আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন - এ নিয়ে দুশ্চিন্তায় আছি।”
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.