সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রোববার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালা অনুসরণ না করা এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু মিয়া, সাবেক সদস্য-সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাদের দাবি, একটি পক্ষের সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানে বৈষম্য দূরীকরণ, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদানে বৈষম্যের প্রতিবাদ এবং ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগেরও তদন্ত দাবি করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর স্বার্থে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে।
তবে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এ প্রক্রিয়ায় অনিয়মের কোনো সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.