নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান শাহজাহান আলী। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরের দিকে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শাহজাহান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হেফাজতে নেয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.