আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পড়া রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, কদমতলা, সাতক্ষীরার আয়োজনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিনামূল্যে চোখের দৃষ্টিত্রুটি পরীক্ষা, চোখের চাপ পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পাশাপাশি স্বল্পমূল্যে ওষুধ ও চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা ক্যাম্পে ৩ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ছানি রোগী হিসেবে বাছাই করা ৩০ জনকে পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়া হবে। তাদের বিদেশি লেন্সের মাধ্যমে ছানি অপারেশন, এক মাসের ওষুধ, হাসপাতালে যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যবস্থা বিনামূল্যে করা হবে বলে আয়োজকরা জানান।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম ঢালী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার।
ক্যাম্প অর্গানাইজার এমডি আরাফাত হোসেনের ব্যবস্থাপনায় ডা. সুস্মিতা মন্ডল তন্বীর (এমবিবিএস) নেতৃত্বে ডা. তপন কুমার মন্ডল, ডা. এমডি হোসেন আলী, নার্স মিতু, দিপারানী, রায়হান, খাদিজা আক্তারসহ ১২ জন চিকিৎসক ও নার্স ৯টি বুথে চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের ক্যাম্প আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.