জামালপুর প্রতিনিধি
জামালপুরে দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও জামালপুর জেলা প্রেসক্লাবের একাধিকবারের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকুল রানার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) বিকেলে শহরের মুকুন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক মুকুল রানা জানান, দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে জামালপুর পৌর এলাকার বাসিন্দা আসু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
মুকুল রানা বলেন, রোববার বিকেলে আসু মিয়া কয়েকজন লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাইনবোর্ডটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। তবে তার অনুরোধে সাড়া না দেওয়ায় তিনি নিজেই সাইনবোর্ডটি সরানোর চেষ্টা করলে আসু মিয়া ও তার সঙ্গে থাকা লোকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন।
এ ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানান মুকুল রানা। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
মুকুল রানা বলেন, “যে জমি নিয়ে বিরোধ চলছে, সেটি আমার বড় বোনের। এ নিয়ে আসু মিয়ার সঙ্গে আমাদের মামলা চলছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তিনি লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড লাগান। আমি তাকে আদালতের বিষয়টি মেনে সাইনবোর্ডটি সরিয়ে নিতে বলি। পরে সাইনবোর্ডটি সরাতে গেলে তারা আমার ওপর হামলা করে। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।”
এ বিষয়ে অভিযুক্ত আসু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সিনিয়র সাংবাদিক মুকুল রানার ওপর হামলার অভিযোগে জামালপুরের সাংবাদিক মহলে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.