স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে খোকন হাওলাদার নামে এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলের চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে হারুনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করছিল পুলিশ।
পুলিশের দাবি, তল্লাশির একপর্যায়ে দোকানে থাকা কামাল শেখ, শ্যামল, আকিদুলসহ ৭-৮ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এসআই খোকন হাওলাদারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। পরে তারা ইয়াবাসহ হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (১০ আগস্ট) সকালে বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.