যশোর প্রতিনিধি
নতুন ঘরের জন্য ফার্নিচার কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। যশোর সেনানিবাসের প্রধান ফটকের সামনে দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী এবং ঢাকায় নেওয়ার পথে স্বামীর মৃত্যু হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—যশোরের চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চৌগাছা থেকে যশোর শহরে আসেন আব্দুর রশিদ। ফার্নিচার কেনা শেষে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে যশোর সেনানিবাসের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাবিরা খাতুন মারা যান।
অন্যদিকে আব্দুর রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হলে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বিকেলের দিকে মারা যান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে ভর্তির সময় ওই দম্পতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী এবং পরে ঢাকায় নেওয়ার পথে তার স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে চৌগাছার ওই পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.