মেহেরপুর প্রতিনিধি
পুলিশ সব দল-মতের ঊর্ধ্বে থেকে প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রীয়ভাবেও পুলিশ কোনো চাপের মধ্যে নেই।
সোমবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেহেরপুর জেলা পুলিশ এ সভার আয়োজন করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো সরকার বা রাজনৈতিক শক্তি যাতে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পুলিশ সব দল-মতের ঊর্ধ্বে থেকে প্রভাবমুক্তভাবে কাজ করবে। রাষ্ট্রীয়ভাবেও পুলিশ কোনো চাপের মধ্যে নেই।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাদকসেবী, মাদক ব্যবসায়ীসহ মাদকের সঙ্গে যেকোনোভাবে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। কোনো পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন জুয়া নিয়েও কঠোর অবস্থানের কথা জানান ডিআইজি। তিনি বলেন, মেহেরপুরে অনলাইন জুয়া নির্মূল করা সম্ভব হলে দেশের অন্যান্য জেলাতেও এটি নির্মূল করা সম্ভব হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
নারী উত্ত্যক্তকরণ বন্ধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীদের উত্ত্যক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেকোনো উপায়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিকদের সঙ্গে পুলিশের তথ্য আদান-প্রদানের বিষয়েও গুরুত্ব দেন ডিআইজি। তিনি বলেন, কিছু অনলাইনভিত্তিক ভুঁইফোড় মাধ্যমে অপতথ্য ছড়ানো হয়। পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের দ্রুত ও সঠিক তথ্য সরবরাহ করা হলে এসব মাধ্যমে ছড়ানো অপতথ্য অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সাংবাদিক দিলরুবা খাতুন, মাজেদুল হক মানিক, তোফায়েল হোসেন ও খান মাহমুদ আল রাফিসহ অনেকে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, নারী উত্ত্যক্তকরণ, পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক এবং দ্রুত ও সঠিক তথ্য সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.