বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চারতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনটির প্রাথমিক পর্যায়ে প্রথম তলা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে বিদ্যালয়ে শ্রেণিকক্ষসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু বলেন, নতুন একাডেমিক ভবনটি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা অবকাঠামো নিশ্চিত করতে নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষ সংকট অনেকটা কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। আধুনিক বহুতল ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইউনুস মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. জামাল হোসেন, মোসা. লাকী আক্তার, মোসা. মুন্নী আক্তার, অভিভাবক সদস্য মো. টিপু শরীফ, ঠিকাদার মো. সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.