স্টাফ রিপোর্টার, নড়াইল
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, ‘শিল্পী এসএম সুলতান শুধু নড়াইলের কিংবা বাংলাদেশের শিল্পী ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের একজন অনন্যসাধারণ চিত্রশিল্পী। তিনি ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তাঁর দেশপ্রেম ও চিত্রকর্মের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন।’
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পী, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মূল্যায়ন ও সহযোগিতার দ্বার উন্মুক্ত করেছে। অপসংস্কৃতি রোধে জীবনমুখী যাত্রাপালা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সুষ্ঠুধারার গ্রামীণ যাত্রাপালা, নাটক, লোকসংগীত, কবিগানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করবে। পাশাপাশি নৌকাবাইচ, লাঠিখেলাসহ গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তারের হাতে ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। এর আগে তিনি শিশুস্বর্গ, সুলতান স্মৃতি সংগ্রহশালা ও আর্ট গ্যালারি পরিদর্শন করেন।
এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
এর আগে সকালে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ প্রশাসনের কর্মকর্তা ও সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে নড়াইলে তাঁর নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.