মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুরীতে ১৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট ৮৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪২৬ জন। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫১ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন।
অন্যদিকে, উপজেলার তিনটি দাখিল মাদ্রাসা থেকে মোট ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ২৮ জন। এসব প্রতিষ্ঠানের গড় পাসের হার ৩৮ দশমিক ৩৫ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায় বলেন, তুলনামূলকভাবে তাদের প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছে। তবে সামগ্রিক ফলাফলে তারা হতাশ। অভিভাবকদের সচেতনতার অভাব ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে এমন ফলাফল হয়েছে বলে তিনি মনে করেন।
খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন বলেন, তাদের বিদ্যালয়ে বাইরের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নেয়। পাশাপাশি অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়ায় ফলাফলে এর প্রভাব পড়েছে।
নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। এ কারণে ফলাফল আশানুরূপ হয়নি। ভবিষ্যতে ফলাফল ভালো করতে অভিভাবকদের নিয়ে সমাবেশ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল বারী বলেন, ময়মনসিংহ বিভাগের গড় পাসের হার ৫৭ দশমিক ৪৫ শতাংশ। সেই তুলনায় খালিয়াজুরীর ফলাফল কিছুটা কম হলেও হাওরাঞ্চল হিসেবে মোটামুটি ভালো হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করতে উপজেলার সব বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘৫০ শতাংশের কম ফলাফল আসলে হতাশাজনক।’ দীর্ঘদিন ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তদারকির কিছুটা ঘাটতি হয়েছে। তিনি শিক্ষা কর্মকর্তা ও সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিগগিরই সভা করে শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, আগামীতে খালিয়াজুরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল আরও ভালো হবে—এমন প্রত্যাশা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.