বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে পানির স্বাভাবিক চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় জলাবদ্ধ হয়ে পড়েছিল প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় এসব জমি পুনরায় চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পাইপ স্থাপনের মাধ্যমে জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষকদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সাজিমারা গ্রামে পানির স্বাভাবিক চলাচলের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হয়। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আশপাশের প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে কৃষকরা সময়মতো এসব জমিতে চাষাবাদ করতে পারছিলেন না।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের নজরে এলে তিনি সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। পাইপ স্থাপনের মাধ্যমে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় কৃষক ও এলাকাবাসী ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধ থাকা জমিগুলোতে আবারও চাষাবাদ করা সম্ভব হবে।
এ সময় নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজসহ স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.