আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে প্রাক্তন স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত শিশু শিপন মিয়া (১০)কে জেলার বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোতালেব পরামানিক (৩৮)কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানা পুলিশ এসব তথ্য জানায়। গ্রেপ্তার মোতালেব পরামানিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান পরামানিকের ছেলে।
শিশুটির মা বিথি খাতুন (৩০) জানান, গত রোববার মোতালেব পরামানিক তার ছেলে শিপন মিয়াকে ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে নিয়ে যায়। স্কুল ছুটির পরও ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিপনের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, একজন লম্বা-চওড়া ব্যক্তি তাকে নিয়ে গেছে।
বিথি খাতুন জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোতালেব তার মোবাইল ফোনে কল করে শিপনকে ফেরত দেওয়ার বিনিময়ে প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে আবার ফোন করে শিপনের মুক্তির বিনিময়ে তার সাবেক স্ত্রী বিলকিছকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বলে অভিযোগ করেন তিনি।
শিশুটির বাবা সবুজ মিয়া (৩৬) বলেন, “অভিযুক্ত মোতালেব আমার বোনের সাবেক স্বামী। সে আগে জেলও খেটেছে। জেলে থাকা অবস্থায় গত বছরের ডিসেম্বরে আমার বোন তাকে ডিভোর্স দেয়। পরে আমার বোন অন্যত্র বিয়ে করেছে। এরপরও সে আমার বোনের পিছু ছাড়েনি। আমার ছেলেকে অপহরণ করার পর আমরা পুলিশের দ্বারস্থ হই।”
কাজিপুর থানার এসআই (নিঃ) রাফেল চাম্বুগং বলেন, অভিযোগ পাওয়ার পর সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোতালেব পরামানিককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার মোতালেব পরামানিককে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.