কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। চুরি-ডাকাতি, মাদকের বিস্তার এবং সম্প্রতি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে কচুয়া থানায় স্থায়ী ওসি না থাকায় পুলিশি তদারকি ও টহল কার্যক্রমে কিছুটা শিথিলতা দেখা দিয়েছে। এর সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলেও অভিযোগ স্থানীয়দের।
সর্বশেষ গতকাল রাতে উপজেলার আন্ধারমানিক এলাকায় অমল নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকেই রাতে স্বাভাবিকভাবে ঘুমাতেও ভয় পাচ্ছেন বলে জানান।
এদিকে সন্ধ্যার পর বিভিন্ন গ্রাম ও হাট-বাজার এলাকায় মাদকের আড্ডা বসছে বলেও অভিযোগ রয়েছে। ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিক্রি ও সেবন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র আরও স্পষ্ট হয় সম্প্রতি রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায়। একটি বন্ধ ঘর থেকে তাদের অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হলে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা কচুয়া থানায় দ্রুত একজন দক্ষ ও দায়িত্বশীল ওসি নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে কচুয়া থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.