ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
‘উন্নয়ন, আজকের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; এ কাজে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদের সচেতন করতেও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) সমন্বয়কারী রাফসান আহমেদ রোমান, যুগ্ম সমন্বয়কারী ইসরাত আর্শিয়ান মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.