নরসিংদী প্রতিনিধি
তীব্র গ্যাস সংকটের মধ্যে কন্টেইনারে করে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন সিএনজি চালিত মোটরযানের চালক ও মালিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত মুনাফার আশায় কিছু পাম্প মালিক রাতের আঁধারে কন্টেইনারে গ্যাস ভর্তি করে অবৈধভাবে সিলিন্ডারে বিক্রি করছেন। ফলে দিনের বেলায় পাম্পগুলোতে গ্যাসের চাপ কমে যাচ্ছে। এতে গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।
বক্তারা বলেন, রাতের আঁধারে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করা না হলে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করবে। তাই অবৈধ গ্যাস সরবরাহ বন্ধের পাশাপাশি চলমান সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধসহ সংকটের স্থায়ী সমাধান করা না হলে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.