এ.কে. অলক, মৌলভীবাজার প্রতিনিধি
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও শিশু উদ্যান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের তিনটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য জাতীয় বাজেটেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
শ্রীমঙ্গল শিশু উদ্যান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এটিকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলার উদ্যোগের কথা জানান। মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, শিশুদের জন্য আধুনিক খেলাধুলার সরঞ্জাম স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের ব্যয় প্রাক্কলন প্রস্তুত করে বরাদ্দের প্রস্তাব পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত ভবনটিকে ইংলিশ ভার্সন স্কুল হিসেবে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সম্ভাব্য ব্যয়ের বিস্তারিত প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আরও আধুনিক, নান্দনিক ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। ভবিষ্যতেও প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান (ভিপি মিজান), কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন। পরে তিনি শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্প, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াকওয়ে নির্মাণকাজ, মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণকাজ এবং দীর্ঘদিনের সমস্যাগ্রস্ত পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.