মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ মোল্যা ও সাইফুল ফারাজি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে সাতবাড়িয়া পুরোনো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গত ১৩ জুন সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সাইফুল ফারাজি গ্রুপের আনোয়ার ফারাজির ওপর হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
গুরুতর আহত আনোয়ার ফারাজিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফুল ফারাজি গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষের সশস্ত্র লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে জাবেদ মোল্যা গ্রুপের ইমরান ফারাজি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন প্রথমে রকিবুল ফারাজির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও ছয়টি মামলা হয়েছে। নতুন করে সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.