যশোর প্রতিনিধি
যশোরের উন্নয়নে যেসব কাজ এখনো অসম্পন্ন রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে যশোরের এস এম সুলতান ফাইন আর্ট কলেজে শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও স্থায়ী আর্ট ক্যাম্প স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোর অঞ্চলের একমাত্র চারুকলা কলেজটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। প্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের পরিবারের অবদান রয়েছে। কলেজের নিজস্ব জমির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর সুনজর পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এখন যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা ফ্যাসিবাদবিরোধী কথা বলছেন, তাদের অনেকের কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি।’
যশোরের উপশহরকে বাণিজ্যিক এলাকা না করে বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বিএনপি সবসময় কাজ করেছে দাবি করে তিনি বলেন, উপশহরে আধুনিক পার্ক করার চেষ্টা করা হয়েছে। শিশু পার্ক করা হচ্ছে, মসজিদ নির্মাণ করা হয়েছে। মাস্টারপ্ল্যান পরিবর্তন করে উপশহরে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের ভবন নির্মাণ করা হয়েছে। উপশহরবাসীর প্রতি বিএনপির দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে বিএনপি সরে আসেনি, ভবিষ্যতেও সরে যাবে না।
যশোরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার বাবা মরহুম তরিকুল ইসলাম যশোরের উন্নয়নে আন্তরিক ছিলেন। তার উদ্যোগের কারণেই আধুনিক যশোর গড়ে তোলা সম্ভব হয়েছে। উন্নয়নের যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলোও সম্পন্ন করা হবে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি ইউনিট উদ্বোধনের পর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খোকন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পাননু, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সাল স্কুলের প্রধান শিক্ষক এস এম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কলেজের স্থায়ী আর্ট ক্যাম্প ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে ১৪ শিক্ষার্থীর মধ্যে শ্রেণিভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.