চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তাঁর পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। তানিয়া শরীফুল ইসলামের স্ত্রী।
স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কাছাকাছি কাপড় শুকানোর জন্য দড়ি টানানো ছিল। দুপুরে ভেজা কাপড় শুকাতে গিয়ে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পুত্রবধূকে বিদ্যুতের কবল থেকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শমসের আলী ও তানিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর আকস্মিক মৃত্যুতে অনুপামপুর কলোনিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.