কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু জাফর মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাশেদুল আলম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন (স্বপন)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মজুমদার (আখের)।
প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আবেদীন (স্বপন) বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল খায়ের মজুমদার (আখের), বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া বিএসসি, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান তামিম, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, শিক্ষানুরাগী দীন ইসলাম খন্দকার, বিএনপি নেতা বোরহান মজুমদার, প্রাক্তন শিক্ষার্থী ডা. জাহিদ হোসেন, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক গোফরান মজুমদার, মো. রেজাউল করিম, উপজেলা যুবদলের সহসভাপতি রাজ্জাক তফদার, সাবেক ছাত্রনেতা মাসুম তফাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রফিকুল ইসলাম রনি, সিনিয়র সহসভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার, ৮ নম্বর কাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল হোসাইন ও যুবদল নেতা মহসিন বেপারী।
সমাপনী বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু জাফর মিয়া বলেন, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পরিচালনা কমিটি ও শিক্ষকরা বদ্ধপরিকর।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.