আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু আর নেই। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরার ইটাগাছায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মোশাররফ হোসেন মশু ১৯৫৩ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে খুলনার আজম খান কমার্স কলেজে অধ্যয়নরত অবস্থায় দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বিকেল ৪টায় তাঁর নিজ বাসভবনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে বিকেল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।
এ সময় আরও বক্তব্য দেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম, ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র বিপুল।
জানাজা পরিচালনা করেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি রাজু আহমেদ।
জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশুকে পারুলিয়া সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.