দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশে গণঅধিকার পরিষদকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয়রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা বলেন, “গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দল, গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে। যারা আমার গাড়িতে হামলা করেছে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তাদের সন্ত্রাসী বলতে কোনো বাধা নেই।”
তিনি বলেন, “আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তৌহিদী জনতা কুষ্টিয়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেব না।”
প্রশাসনের উদ্দেশে আমির হামজা বলেন, কোনো দলের লেজুড়বৃত্তি না করে সরকারি দায়িত্ব পালন করতে হবে। তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তিনি।
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “আমার আসনে কোনো চাঁদাবাজি চলবে না। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ চাঁদা নেবেন না।”
সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শনিবার কুষ্টিয়ার ছয়রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণঅধিকার পরিষদ। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দিয়েছে জামায়াত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.