নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সদস্যরা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য প্রত্যেক সদস্যকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
এ সময় জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করেন পুলিশ সুপার। তিনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করা এবং মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালের আধুনিক প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। আধুনিক এ ল্যাব চালুর ফলে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.