মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে নিম্নমানের ও পুরনো ইট-সুরকি ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার ডালু চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ হাজার ২৫০ মিটার রাস্তার নির্মাণকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর রাস্তাটির নির্মাণকাজ শুরু হলেও এতে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহৃত ইট ও সুরকির বড় একটি অংশ নিম্নমানের। স্থানীয়রা হাতে নিয়ে সহজেই এসব ইটের সুরকি ভেঙে ফেলছেন। অভিযোগ রয়েছে, পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে তুলে নেওয়া পচা ইটও নতুন রাস্তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘আপনারাও দেখতেই পাচ্ছেন, এগুলো একেবারে পচা ইট। এগুলোর কোনো নম্বরই নেই। এসব ইট দিয়ে কাজ করলে রাস্তা টিকবে না।’
রাস্তার নির্মাণকাজের সাইটে থাকা এক ব্যক্তি নিজেকে ঠিকাদার না দাবি করে বলেন, ‘আমি ঠিকাদার না, আমি লেবার সাপ্লাই দিই। মালগুলো অনেক নিম্নমানের—এটা আমিও শুনছি।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান লরিং এন্টারপ্রাইজের ম্যানেজার রানা বলেন, ‘এই ইটগুলো এই রাস্তা থেকেই তোলা হয়েছে। এগুলোর জন্য আমাদের কাছ থেকে আট লাখ টাকা কেটে নেওয়া হবে। তাহলে এগুলো আমরা কী করব? এগুলো কি বাড়ি নিয়ে যাব? এগুলো দিয়েই এখানেই কাজ করব।’
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা লোক পাঠিয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাস্তার কাজের মোট ব্যয় ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে তিনি কাগজপত্র দেখে পরে কথা বলার কথা জানান।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত ইট ও অন্যান্য সামগ্রীর মান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে দ্রুত কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.