কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কাদামাটিতে ভরা খেলার মাঠ নিজ অর্থায়নে বালু দিয়ে মেরামত করে দিয়েছেন নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন শাক্কু।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে মাঠে বালু ফেলে সংস্কারকাজ করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ও কাদাপানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও খেলাধুলায় দুর্ভোগ পোহাতে হয়। একই কারণে স্থানীয় তরুণরাও মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করতে পারেন না। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানও এ মাঠে আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা জানায়, মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও কাদাপানি জমে থাকায় তারা খেলাধুলা করতে পারছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয়ের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে মাঠটি বালু দিয়ে ভরাট ও মেরামত করে দেওয়ায় তারা আনন্দিত।
নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুন্নি আক্তার বলেন, ‘একটু বৃষ্টি হলেই মাঠে কাদা ও দূষিত পানি জমে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে সমস্যা হতো। শিক্ষার্থীদের কথা চিন্তা করে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে মাঠটি বালু দিয়ে ভরাট করে মানবিক কাজ করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা মাঠে খেলাধুলা করতে পারতেন না। বিদ্যালয়ের সভাপতি নিজ অর্থায়নে মাঠটি বালু দিয়ে ভরাট করে পরিবেশ অনেকটা সুন্দর করে দিয়েছেন।
তিনি আরও জানান, বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণ এবং দুটি দৃষ্টিনন্দন গেট নির্মাণেরও পরিকল্পনা নিয়েছেন।
মাঠ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শাখাওয়াত হোসেন শাক্কুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.