কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ভুসনা জাল বিক্রির দায়ে পুলিন বেপারি নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড ও জব্দ করা জাল ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
অভিযানকালে নিষিদ্ধ ভুসনা জাল বিক্রির দায়ে পুলিন বেপারিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া একই দিনে উপজেলার পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ভুসনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কলাপাড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.