মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রতিদিনের মতো ব্যবসার কাজে ভোরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রেজাউল ইসলাম (৪৫)। কিন্তু পাট কিনতে যাওয়ার পথে অজ্ঞাত একটি পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি। পরিবারের অপেক্ষার অবসান হলেও জীবিত নয়, নিথর মরদেহ হয়ে ফিরেছেন এই ব্যবসায়ী।
বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রেজাউল ইসলাম নিহত ও আরও একজন আহত হয়েছেন।
নিহত রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। তিনি ধান ও পাটের ব্যবসা করতেন। বর্তমানে বিরামপুর পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে পাট কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বিরামপুর থেকে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল। দুর্গাপুর চায়না অফিস মোড়ে পৌঁছালে গোবিন্দগঞ্জগামী একটি অজ্ঞাত পাথরবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রেজাউলের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্বজনরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে স্বজন ও তার সন্তানের সহপাঠীরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বরের পরিবেশ।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.